মা-বাবার পাশে শায়িত হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য সাবেক শিল্প উপ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা তার নির্বাচনী এলাকা শাহজাদপুর হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অননুষ্ঠিত হয়। পরে চুনিয়াখালি পাড়া শাহ মখদুম কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এমপি স্বপনের ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে তুরস্ক থেকে তার লাশ ঢাকায় আনা হয়। সেখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বেলা ১১ টার দিকে হেলিকপ্টারযোগে তার লাশ বেড়া খালেকুজ্জামান স্টেডিয়ামে পৌঁছে। পরে সেখান থেকে লাশের কফিন আনা হয় শাহজাদপুর হাই স্কুল মাঠে।
এদিকে শেষবারের মতো তাঁকে দেখতে সেখানে ভীড় করেন হাজার হাজার মানুষ। অভিভাবক হারানোর বেদনা বুকে নিয়ে হাজার হাজার নেতাকর্মী এবং স্বজনরা স্তব্ধ নির্বাক হয়ে দেখতে থাকেন তাদের প্রিয় নেতাকে। সেই সাথে চোখের জলে সিক্ত হন আপামর জনতা।
প্রসঙ্গত, বুধবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ৩টার দিকে তুরস্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এম এ মালেক/বার্তা বাজার/এমকে