ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণের ২২ বছর পরেও সংযোগ সড়ক স্থাপিত হয়নি একটি ব্রিজের সাথে। এজন্য স্থানীয়দের অনেকেই সেতুটিকে অসহায় সেতু বলে অভিহিত করেছেন। অবশেষে ইটবোঝাই নৌকার ধাক্কায় ভেঙে পড়েছে সেতুটি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ-কৃষ্ণনগর খালের উপর ২২ বছর আগে নির্মিত সেতুটিতে একটি ইট বোঝাই ট্রলারের ধাক্কায় সেতুটির মাঝখান দিয়ে পুরোপুরি ভেঙ্গে পরে যায়।
সরজমিনে ঘুরে জানা যায়, ট্রলারটি জেলার শাহবাজপুর ডিজিটাল ব্রীকফিল্ড থেকে ৭ হাজার ইট বোঝাই করে আখাউড়া উপজেলার ঘোলখার এলাকায় যাচ্ছিলেন। পথে সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় খালে প্রবল স্রোত থাকায় মাঝি নৌকাটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি এতে করে ট্টলারটি সেতুর পিলারে ধাক্কা লাগলে সেতুটি মাঝখান দিয়ে ভেঙে নৌকার উপরে পড়ে যায়।
এ সময় নৌকায় থাকা শাহবাজপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের আব্দুল খালেক (৪৫) ও হবি (৪২) নামে দুই শ্রমীক আহত হয়।
প্রত্যক্ষদর্শী বনগজ পূবপাড়ার বাসিন্দা মো. আরমান খান জানান, আমি দূরে দাড়িয়ে ছিলাম হটাৎ দেখি নৌকাটি সেতুর পিলারে ধাক্কা মারে এতে সেতুটি ভেঙে পড়ে যায়। আমি দৌড়ে কাছে এসে দেখি নৌকায় থাকা লোকজন নৌকা থেকে বেড়িয়ে আসছে।
নৌকার মাঝি মো. রফিক জানান, আমরা শাহবাজপুর থেকে ইট নিয়ে ঘোলখার যাওয়ার পথে এই সেতুর নিচে আসার পর এখানে প্রবল স্রোতে পানি চাপ দিলে নৌকার মাথাটা সেতুর পিলারে ধাক্কা লাগার সাথে সাথে সেতুটি ভেঙে পড়ে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে এলজিইডির অধীনে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সেতুটি বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী জায়গায় খালের ওপর নির্মাণ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আখাউড়া উপজেলার প্রকৌশলী আব্দুল লতিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রিজটি ভেঙে যাওয়ার সংবাদ জানিয়েছেন। খবর পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে ব্রিজটির কাছে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এমকে