চট্টগ্রামে ফৌজদারহাটে রেললাইনের পাশে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ফৌজদারহাট রেললাইনের পাশে পড়ে থাকা হুমায়ুন কবির (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জহিরুল ইসলাম।
এসআই জহিরুল বলেন, শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাওয়া যায় যে, রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ছুটে যায় এবং মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে বা ট্রেনের ধাক্কা খেয়ে ব্যক্তিটির মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, মরদেহের কিছু দুরে কাপড়সহ একটি ব্যাগ এবং দুইটি পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা আছে, তিনি চরকা টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী এবং অন্যটিতে কাঁচপুরের এসকয়ার ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্মী হিসেবে পরিচিতি উল্লেখ করা হয়েছে।
নিহতের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। তার লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান জহিরুল ইসলাম।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এমকে