আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে।
ইতোমধ্যে বেশিরভাগ শিক্ষক করোনার টিকা নিয়েছেন। এবার ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি আগেই নিয়েছি। আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলা হতে পারে। সিদ্ধান্ত বাস্তবায়নে বেশিরিভাগ শিক্ষক করোনা টিকা নিয়েছেন। ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।
এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
গতকাল (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সব ধরণের সুরক্ষা মেনে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস নেওয়া শুরু হবে।
এর আগে সচিব সভায় ও সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
বার্তা বাজার/নব