নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সরকারি মহামায়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এছাড়া নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে গত ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি আমাদের রয়েছে। খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সংক্রমণ হার কিছুটা কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

গতকাল (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সব ধরণের সুরক্ষা মেনে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস নেওয়া শুরু হবে।

এর আগে সচিব সভায় ও সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর