কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সাফল্য ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এখন পর্যন্ত বাছাইপর্বে সাত ম্যাচ খেলে সাতটিতেই জয় পেয়েছে তারা।
শুক্রবার সকালে চিলির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। চিলিকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তিতের শিষ্যরা। জয়সূচক একমাত্র গোলটি করেছেন এভারটন রিবেইরো।
ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে ব্রাজিলকে চাপে রেখেছে চিলি। তবে গোলের দেখা পায়নি তারা। উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হয়েছে তাদের।
ম্যাচের ২৭ মিনিটে অবশ্য সুযোগ পেয়েছিল ব্রাজিল। গ্যাব্রিয়েল বারবোজার বাড়ানো পাস থেকে গোল করতে পারতেন নেইমার। তার সামনে কেবল ছিল চিলির গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। তবে নেইমার বক্সে প্রবেশের আগেই শট নেন এবং তা গোলবারের উপর দিয়ে চলে যায়।
গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দুইদল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের তুলে এভারটনকে নামান কোচ তিতে। ম্যাচের ৬৪ মিনিটে নেইমারের শট রুখে দেন চিলির গোলরক্ষক। কিন্তু তা গ্লাভসবন্দি করতে পারেননি তিনি। যার ফলে ফিরতি শটে চিলির জাল কাঁপান এভারটন।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করার সুযোগ পেয়েছিলেন নেইমার। গোলবার ফাঁকা করে সামনে বেরিয়ে আসেন চিলির গোলরক্ষক। নেইমার বল পেলেও চিলির ডিফেন্ডাররা তাকে ঘিরে ধরে। ফলে লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বাছাইপর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। ৭ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে সাতে আছে চিলি।
বার্তা বাজার/নব