রাজবাড়ীতে ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মার পানি

রাজবাড়ীতে পানি বেড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মা নদী। প্রতিদিনই বন্যাকবলিত হচ্ছে নতুন নতুন এলাকা, দেখা দিয়েছে নদী পাড়ের ভাঙন।

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, বন্যা পরিস্থিতিতে অনেকেই দুর্বিষহ দিন কাটচ্ছেন। পানি নিম্নাঞ্চলের অনেকেরই ঘরের মধ্যে ঢুকে পড়েছে। বন্ধ হয়ে গেছে এদের রান্না বান্না করে খাওয়ার পথটিও। সেই সাথে দেখা দিয়েছে গবাদি পশুর চরম খাদ্য সঙ্কট।

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আকলিমা বেগম জানান, তার ৩টি ছাগল ছিল। কিন্তু পদ্মার ভাঙন ও তীব্র স্রোতে তার ২টি ছাগল নদীতে ভেসে চলে গেছে।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মোতালেব প্রামাণিক জানান, তার একটি গরু নদীর তীরে বাধা ছিল। কিন্তু হঠাৎ নদীর তীরের ভাঙ্গনে গরুটি নদীতে ভেসে যায়। গরুটি উদ্ধারের চেষ্টা করেও পেরে উঠেননি। গরুটা শেষ পর্যন্ত তীব্র স্রোতে ভেসে যায়।

গতকাল বৃহস্পতিবার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, সদর উপজেলার মাহেন্দ্রপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সকালে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর