কাদের মির্জার একান্ত সহযোগী নাজিম উদ্দিন গ্রেফতার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার একান্ত সহযোগী নাজিম উদ্দিন বাদলকে (৪২) গ্রেফতার করা হয়েছে। চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির দরজা থেক গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজিম উদ্দিন বাদল চরকাঁকড়া ইউনিয়নে মৃত আবদুর রাজ্জাকের ছেলে। সে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাতে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. রবিউল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘নাজিম উদ্দিন বাদলের বিরুদ্ধে হত্যাসহ ৯-১০টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে, নাজিম উদ্দিন বাদলের গ্রেফতারের নিন্দা জানিয়ে মুক্তির দাবি জানিয়ে কাদের মির্জার সমর্থকরা বিভিন্ন এলাকায় রাস্তায় গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেছে।

অপরদিকে, রাত সাড়ে ৮টায় ফেসবুক লাইভে এসে বাদলের গ্রেফতারের প্রতিবাদ জানান মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘এর আগেও ডিবির পরিদর্শক রবিউলের নেতৃত্বে তার অনুসারী নুর হোসেন খানসাবকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। তবে বাদলকে কিছু করা হলে পরিণাম ভালো হবে না।’

তিনি নোয়াখালীর পুলিশ সুপার, ‘কোম্পানীগঞ্জের ওসিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার তীব্র সমালোচনা করে প্রায় পৌনে এক ঘণ্টা বক্তব্য দেন।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর