র্যাবের গুলিতে ১০ বছর আগে ১৬ বছর বয়সে পা হারায় ঝালকাঠির সাতুরিয়া গ্রামের লিমন। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। সেই লিমনেরগায়ে হলুদ হয়েছে আজ, কাল বিয়ে। পাত্রী যশোরের অভয়নগর উপজেলার নওপাড়া এলাকার রাবেয়া বসরি। পাত্রী বাড়িতেই শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ বিয়ের অনুষ্ঠান আয়োজন হবে।
ঝালকাঠির সাতুরিয়া গ্রামের লিমন এখন সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক ও শিক্ষানবীশ আইনজীবী। বিয়ে করে সংসারজীবন শুরু করতে যাচ্ছেন।
লিমন জানান, ‘বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে জীবনে আরেক অধ্যায় শুরু করছি। বৃহস্পতিবার নিজ বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে।’
হবু স্ত্রী রাবেয়া বসরি বলেন, ‘সে (লিমন) নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়েছে, দাম্পত্য জীবনেও দায়িত্বশীল হবেন বুঝেই বিয়েতে রাজি হয়েছি।’
২০১৮ সালে সাভার গণবিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন লিমন। এরপর ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করে সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষা সহকারী পদে যোগ দেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সহকারী প্রভাষক হিসেবে পদোন্নতি পান লিমন।
লিমনের মা হেনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, ‘গত ১০ বছরে যত কষ্ট করেছি পোলার বিয়ে দিতে পেরে সব কষ্ট শেষ হয়েছে।’
বার্তা বাজার/এসবি