চোর শনাক্তে পীরের নির্দেশে ১০১ কলস পানি যুবকের মাথায়!

বাসা থেকে চুরি হয়েছে ৩লাখ ৬০হাজার টাকা। চোর হিসাবে সন্দেহ করা হয়ো মো. মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে। চুরি করেনি বলে নিজের বক্তব্যে অনড় মনিরুল।

পরে চোর শনাক্ত করতে কথিত এক ভন্ডপীরের নির্দেশে ওই যুবকের মাথায় ঢালা হয় ১০১ কলস পড়া পানি। চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় পড়া রুটি। এতে অসুস্থ হয়ে পরে ওই যুবক। ভর্তি করা হয় হাসপাতালে।

বুধবার (০১ সেপ্টেম্বর) এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
ভুক্তভোগী মনিরুল ইসলাম ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কবির মিয়ার ছেলে।

অসুস্থ মনিরুলকে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার উন্নতি না হলে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বব) তাকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয়রা জানান, সম্প্রতি একই এলাকার মো. আমির হোসেন খাঁনের বাসা থেকে ৩লাখ ৬০ হাজার টাকা চুরি হয় বলে দাবি করেন। চুরির ঘটনার সাথে জড়িত সন্দেহে মনিরুল ইসলামকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। তবে মনির এর কিছুই জানেন না বলে দাবি করেন।

পরে চোর সনাক্ত করার জন্য ফরিদপুরের এক কথিত ভন্ডপীরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন আমির হোসেন। ওই ভন্ডপীরের নির্দেশে বুধবার সকালে ১০১ কলস পুকুরের পড়া পানি মনিরুলের মাথায় ঢালা হয়। তাকে খাওয়ানো হয় রুটি পড়া। এতে মনিরুল গুরুতর অসুস্থ হয়ে পরে। অচেতন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

নাম না প্রকাশের শর্তে একাধিক স্থানীয় ব্যক্তি জানায়, মনিরের সাথে আমির আলীর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মনিরকে শায়েস্তা করতে চুরির নাটক সাজিয়ে রুটির সাথে পয়জন খাওয়ানো হয়েছে।

মনিরুলের স্ত্রী মোসা. খালেদা বেগম বলেন, ‘আমার স্বামী চুরি করেনি। তারা আমার স্বামীকে চোর সন্দেহ করে রুটি পড়ার নামে পয়জন খাওয়ায় এবং মাথা ১০১ কলস পুকুরের পানি ঢালে। এতে সে সুস্থ্য হয়ে পরে।

তবে বক্তব্য নিতে অভিযুক্ত আমির আলীকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা বলেন, মনিরকে খাবারের সাথে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছে। তাঁর অবস্থা খারাপ হলে তাকে বরিশাল প্রেরণ করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনাটি জানার পরে আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এম.এ হান্নান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর