সিলেট জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান এর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর স্বাক্ষরিত এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এডভোকেট লুৎফুর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারীদের একজন হিসেবে দেশের স্বাধীনতা অর্জন ও সংবিধান প্রণয়নে স্মরণীয় অবদান রেখে গেছেন।
মন্ত্রী আরও বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন ছাড়াও তিনি অসংখ্য সামাজিক ও উন্নয়ন সংস্থার সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত থেকে আজীবন মানুষের সেবা করেছেন। সকল শ্রেণি-পেশার মানুষের সাথে তাঁর আন্তরিক ও নিবিড় সম্পর্ক ছিলো। এডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেটবাসী একজন সত্যিকারের অভিভাবককে হারালো।
পরিবেশমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, এডভোকেট লুৎফুর রহমান বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্তা বাজার/এসজে