সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৮তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে ঢাবি সাংবাদিক সমিতি (ডুজা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২৭ রানে জয় লাভ করে। ম্যাচে অংশ নেন ডাকসু জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তার এক ওভারে পাঁচ ছক্কা মারেন ব্যাটসম্যান হিসেবে থাকা সাংবাদিক। সোমবার বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে ডুজা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টির কারণে নির্ধারিত ওভারের চেয়ে এক ওভার কমিয়ে ১৫ ওভারে নির্ধারিত হয়। পনেরো ওভার শেষে ডুজা সংগ্রহ করে চার উইকেটে ১৫৯ রান।
অন্যদিকে ১৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ১৩৩ রান সংগ্রহ করে।
এ ম্যাচে ডুজার পক্ষে সর্বোচ্চ ১৫ বলে ৬৫ রান ও ৩ উইকেট নিয়ে জোবায়ের আহম্মেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ডুজার পক্ষে ওবাইদুর রহমান সোহান করেন ৫০ রান এবং ডুজার সভাপতি রায়হানুল ইসলাম আবির ২৭ রান ও ৫টি উইকেট শিকার করেন।
ডাকসুর পক্ষে ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান, ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ২২ রান সংগ্রহ করেন করেন।
এতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল। খেলা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্য ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাকসু ও ঢাবি সাংবাদিক সমিতির এই ধরনের ক্রীড়া আয়োজন সাধারণ শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্যে অনুপ্রাণিত করবে।