চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই সংঘর্ষের শুরু হলে তা ছড়িয়ে পড়ে শাহ আমানত হলের সামনেও। সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হয়েছে।
এ সংঘর্ষের পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহতরা সবাই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিবাদে জড়িয়ে পড়া দু’টি গ্রুপের নাম হলো গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। উভয় গ্রুপই শাটল ট্রেনের বগিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
সূত্র জানায়, জিরো পয়েন্ট মসজিদের পাশে সিএফসি গ্রুপের মেহেদী হাসানকে সিক্সটি নাইন গ্রুপের কয়েকজন মিলে মারধর করেন। মেহেদী আত্মরক্ষার্থে শাহ আমানত হলে অবস্থান নিলে সেখানে সিএফসির লোকজন জড়ো হয়ে মারধর করে সিক্সটি নাইনের কর্মীদের। এসময় আহত হয় তিনজন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে চবির ছাত্রলীগে নেতাদের দাবী, তুচ্ছ বিষয়কে নিয়ে জুনিয়দের মধ্য ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে। আমরা সমাধান করে দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া জানান, দুই গ্রুপের মধ্যে যে ঝামেলার ঘটনা ঘটেছিল তা সমাধান হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
বার্তা বাজার/এসজে