চট্টগ্রামে বিএনপি-পুলিশের সংঘর্ষ

চট্টগ্রামে কাজির দেউরিস্থ মহানগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কাজির দেউরির নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, বিকাল সাড়ে চারটার দিকে নগরীর কাজীর দেউড়ি মোড়ে বিএনপির সমাবেশকে ঘিরে একদল উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী পুলিশকে লক্ষ্য করে গালাগালি ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সংঘর্ষে জড়িত ৮ জনকে আটক করেছে।

এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহদাত হোসেন বলেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ পন্ড করার লক্ষ্যে কিছু দুর্বৃত্তরা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। যেখানে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং পুলিশ কয়েকজনকে আটক করেছে। আশা করি পুলিশ শীঘ্রই প্রকৃত দোষীদের আটক করে নির্দোষ নেতাকর্মীদের ছেড়ে দিবে।’

সংঘর্ষের পর কাজির দেউরি মোড় হতে শুরু করে স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিরাজ করছে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর