আলফাডাঙ্গায় নির্মিত হচ্ছে ‘মুক্তিযোদ্ধা সেক্টর মানচিত্র’

পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-নির্যাতন থেকে রক্ষা পেতে ১৯৭১ সালের ২৬ই মার্চ এদেশের মানুষ চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সঙ্গে লড়াই করার জন্য পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম এদেশের মানুষের কাছে ছিল না।

এমতাবস্থায় স্বাধীনতার যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য বাঙালিদেরকে বিভিন্ন রণকৌশল গ্রহণ করতে হয়। এসব রণকৌশলেরই একটি পদক্ষেপ ছিল পুরো বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা।

চিরগৌরবের এই সংগ্রামকে প্রজন্ম থেকে প্রজন্মের স্মৃতিতে জীবন্ত করে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণ করা হচ্ছে ‘মুক্তিযোদ্ধা সেক্টর মানচিত্র’। শুধু তাই নয়, মানচিত্রের পাশাপাশি থাকছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ভাস্কর্য, পাক বাহিনীর আত্মসমর্পণের চিত্র নিয়ে ভাস্কর্য।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে ফরিদপুর জেলা পরিষদের অর্থায়নে এসব নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু (পিপিএম) এর সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, সহকারী অধ্যাপক মো. মুজিবুর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি খান আমিরুল ইসলাম, দৈনিক ঢাকা টাইমস’র নিজস্ব প্রতিবেদক মুজাহিদুল ইসলাম নাঈম, বার্তা বাজার পত্রিকার ফরিদপুর প্রতিনিধি মিয়া রাকিবুল, হৃদয়ে আলফাডাঙ্গা গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য শাহিদুল ইসলাম কোরবান প্রমুখ।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর