চারঘাটে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির `আঙ্গিনায়’ সবজি চাষ

রাজশাহীর চারঘাট উপজেলায় জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির আঙিনায় ও পতিত জমিতে সবজি চাষ। চলতি বছর পারিবারিক সবজি বাগান করেছেন অনেক কৃষক।

সরকারি নির্দেশনা অনুযায়ী, কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বসতবাড়ির আঙিনা ও পতিত জমিতে তৈরি করা হয়েছে পারিবারিক এসব সবজি বাগান।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চারঘাটে কয়েক বছর ধরে অতি বৃষ্টিতে জলাবদ্ধতায় সবজি চাষের ক্ষতি হচ্ছিল। এ সময় বাজারে সবজির দামও বেড়ে যায়। এ সমস্যা সমাধানে এগিয়ে আসে উপজেলা কৃষি অফিস।

প্রথমে দুই শতাধিক কৃষকের বাড়ির আঙিনা ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়। কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি খেত তৈরি ও চারদিকে বেড়া দিয়ে পরিচর্যার জন্য দেওয়া হয় আর্থিক সহায়তা।

তা ছাড়া সবজি চাষের জন্য কৃষি অফিস বিনামূল্যে ১৫ ধরনের বীজ সরবরাহ করে। ধীরে ধীরে বাড়তে থাকে এই পদ্ধতিতে সবজি চাষ। বর্তমানে উপজেলায় এমন বাগানের সংখ্যা চার শতাধিক।

উপজেলার থানাপাড়া গ্রামের কৃষক মুন্জুরুল কাদির বলেন, ‘আমাদের বসতবাড়ির পাশের ছোট জমি দীর্ঘদিন ধরে পড়েছিল। কোনো কাজেই আসছিল না। উপজেলা কৃষি অফিস আমাদের নতুন স্বপ্ন দেখায়। তাদের সহযোগিতায় আমরা আজ নিজেদের খেতের বিষমুক্ত সবজি খেতে পারছি।’

উপসহকারী কৃষি কর্মকর্তা বজলুর রহমান ও শামীম রেজা বলেন, পারিবারিক পুষ্টি বাগান তৈরি, সময়মতো বীজ রোপণ ও পরিচর্যাসহ সার্বিক বিষয়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ায় তাঁরা সফলতার মুখ দেখেছেন।

পারিবারিক পুষ্টি বাগান কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহম্মদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। এ উদ্দেশ্য বাস্তবায়নে পারিবারিক পুষ্টি বাগান তৈরিতে সহযোগিতা করছে কৃষি বিভাগ। প্রতি বছর এর পরিধি বাড়ছে।

মোঃনবী আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর