বাউফলে সংখ্যালঘুর জমি দখল

পটুয়াখালীর বাউফলের দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের এক সংখ্যালঘু পরিবারের জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে স্থানীয়ভাবে সালিশ-বৈঠক করেও কোন উপকার হয়নি বলে অভিযোগ করেছেন ভূক্তিভোগী।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাহির দাশপাড়া গ্রামের মৃত্যু: হরলাল বেপারীর ছেলে কালাচাঁন বেপারী পৈত্রিক স্বত্বমূলে জেএল ১২২ এর খেজুরবাড়িয়া মৌজার ৯৪১ নম্বর খতিয়ানের ৫৬৭০ নম্বর দাগের ১৩.৪০ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। ওই জমির পাশে স্থানীয় মিজান গাজী নামের এক ব্যাক্তি অপর এক হিন্দুর সম্পত্তি ক্রয় করে মাটি ভরাট করার সময় কালাচাঁনের সম্পত্তির কিছু অংশ দখল করে নেয়।

কালাচাঁন বেপারী দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে না পেয়ে বিষয়টি কালাইয়া ইউনিয়নের চেয়ারম্যানকে জানালে তিনি স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যাক্তিকে ফয়সালা করে দেয়ার দায়িত্ব দেন।

স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা সরেজমিন জমি মাপঝোপ করে মিজান গাজীর দখলে থাকা প্রায় এক শতাংশ জমিসহ কালাচাঁন বেপারীর বাকি জমি বুঝিয়ে দিলেও মিজান গাজীর দখলে থাকা জমি ছেড়ে দেয়নি। উপরন্ত স্থানীয় ইউপি সদস্য সুলতান গাজীর সহায়তায় কালাচাঁন বেপারীর রোপনকৃত গাছ কেটে দিয়েছেন।

কালাচাঁন বেপারী অভিযোগ করেন, বেশি বাড়াবাড়ি করলে ভারতে পাঠিয়ে দেবে বলে মিজান গাজী এবং তার সাঙ্গপাঙ্গ স্থানীয় ইউপি সদস্য সুলতান গাজী, এছাহাক গাজী, সামছু গাজী, আনিচ গাজী এবং সবুজ গাজী হুমকি দিচ্ছে। স্থানীয় আলতাফ গাজী, আমির হোসেন, সেকান্দার গাজী, ইউনুস মিয়া ওরফে চাঁনমিয়া গাজী জানান, কালাচাঁন বেপারী একজন দরিদ্র এবং খুই সহজ-সরল মানুষ। এই সুযোগে প্রতিপক্ষরা তার জমি দখল করে নিচ্ছে।

এবিষয়ে মিজান গাজী জানান, আমি জোর করে জমি দখল করিনি। এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। আমি জমি ক্রয় করার পর কিছু লোকে কালাচাঁন বেপারীকে ভুল বুঝিয়ে সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সিদ্ধান্ত আমিও মেনে নিয়েছি। স্থানীয় ইউপি সদস্য সুলতান গাজী জানান, আমি এবিষয়ে কিছুই জানি না।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন,‘ লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এম.এ হান্নান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর