টিকা না পেলে ভারতকে টাকা ফেরত দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধী টিকার ৩ কোটি ডোজ কিনতে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয় বাংলাদেশের। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এখনও ২ কোটি ৩০ লাখ টিকা পাবে।

আর চুক্তির বাকি টিকা পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে টিকা না পেলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতে আমাদের যে অর্ডার দেওয়া হয়েছিল, সেটার ২ কোটি ৩০ লাখ টিকা এখনও আমরা পাইনি। তবে আমরা অপেক্ষায় আছি। সবসময় যোগাযোগ রাখছি। সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমোর সঙ্গে যোগাযোগ রয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেও আসছেন যে আমরা টিকা পাবো।

তিনি আরও বলেন, শেষ পর্যন্ত আমরা যদি টিকা না পাই তাহলে আমাদের টাকা নিয়ে আসতে হবে এবং ফেরত দিতে হবে। আমরা আশা ছাড়িনি, আশা করি টিকা পাবো।

উল্লেখ্য, গত বছরের ৫ নভেম্বর ৩ কোটি করোনার টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি হয় সরকারের।

চুক্তি অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি ভঙ্গ করে। জানুয়ারিতে বাংলাদেশকে ৫০ লাখ ও ফেব্রুয়ারিতে ২০ লাখ ডোজ টিকা পাঠায় সেরাম ইনস্টিটিউট। এরপর আর কোনো টিকা পাঠায়নি তারা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর