মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকাদের নিয়ে নির্মিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি প্রচারের পর থেকে আলোচনায় চলে আসে।
দর্শকপ্রিয় এ নাটকের কাবিলা, হাবু ভাই, পাশা ভাই চরিত্র রীতিমতো ভাইরাল চরিত্র। নাটকটির তৃতীয় সিজন শেষ হয়েছে অনেকদিন হলো। শেষ পর্বে দেখা যায় কাবিলাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ দৃশ্যের মধ্য দিয়েই নাটকের সমাপ্তি বলে ঘোষণা আসে।
তবে ভক্তরা তা মেনে নিতে পারেনি। তারা চতুর্থ সিজনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে। এমনকি তারা আন্দোলনেরও ডাক দিয়েছিলেন। তাদের দাবি ছিল, কাবিলাকে মুক্তি দিতে হবে।
অবশেষে তাদের আশা পূরণ হতে চলেছে। খুব শিগগিরই ব্যাচেলর পয়েন্ট নাটকের চতুর্থ সিজন আসছে। নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, এই সিজনে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন কাবিলা। এই সিজনে কাশিমপুরের গল্প দেখা যাবে। এছাড়া দর্শকদের সামনে হাজির হবেন কাবিলার প্রেমিকা রোকেয়া। তবে এবারের সিজনে হাবু ভাইয়ের চরিত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃতীয় সিজনে তাকে বিদেশ পাঠিয়ে দেয়া হয়েছিল।
তবে নাটকের চতুর্থ সিজনের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি পরিচালক কাজল আরেফিন অমি। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাচেলর পয়েন্ট নিয়ে লিখছেন। এতে নতুন সিজনের ব্যাপারে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, নতুন সিজন তৈরির প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/নব