মহামারি করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে করোনা টিকার কোনো সমস্যা নেই। স্কুল শিক্ষার্থীদেরও করোনার টিকার আওতায় আনা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশ যে ব্যবস্থা নিয়েছে, বিশ্বের অনেক উন্নত দেশও তা করতে পারেনি।
তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি স্কুলে কর্মরত ব্যক্তিদের পরিবারের সবাইকে যেন টিকা দেওয়া হয় সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। সবাই যেন টিকা পায় আমরা সে ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে আমাদের স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে দেশে ফাইজারের টিকা এসে পৌঁছেছে। আরও টিকা আসবে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
বার্তা বাজার/নব