ভোলার চরফ্যাসন উপজেলায় নিখোঁজের ১৯ দিন পরেও সন্ধান মেলেনি শাহ আলমের। সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মনে উদ্বেগ-আতংক বাড়ছে। এ ঘটনায় নিখোঁজ শাহ আলমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেন।
নিখোঁজ শাহ আলম উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ১নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে। ১০ বছর আগে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছে শাহ আলমের বাবা মোহাম্মদ হোসেন। আর ফিরে আসেনি। এখন ছেলে শাহ আলমের রহস্যজনক নিখোঁজের ঘটনায় বৃদ্ধ মা ফাতেমা বেগমের মনে অজানা আশংকা ভর করছে।
জানা যায়, শাহ আলম ১৪ আগস্ট ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে শাহ আলমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে শাহ আলমের পরিবারের লোকজন ঢাকায় খোঁজ নেন। কোথাও না পেয়ে সন্ধান চেয়ে শাহ আলমের স্ত্রী দুলারহাট থানায় একটি সাধারন ডায়েরী করেন।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, নিখোঁজ হওয়া শাহ আলমের স্ত্রী খাদিজা বাদী হয়ে একটি সাধারন ডায়েরী করেছে। তার সূত্র ধরে তদন্ত চলছে।
আরিফ হোসেন/বার্তা বাজার/এমকে