ইবিতে নিয়োগ বাণিজ্য তদন্তে তিন সদস্যের কমিটি

মোস্তাফিজ রাকিব, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও আর্থিক লেনদেনের অডিও ফাঁস হওয়ার প্রেক্ষিতে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়,বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৪৫ তম সভার সিন্ধান্ত অনুযায়ী ঘটনা তদন্ত এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন পেশ করার লক্ষ্যে উপচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করেন। অধ্যাপক.ড. তপন কুমার জোদ্দার ও অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া হলেন কমিটির অপর দুই সদস্য।

উল্লেখ্য ইবি’র ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে গত ২৯ জুন শিক্ষক নিয়োগ নির্বাচনী বোর্ড হওয়ার কথা থাকলেও বোর্ডের আগের দিন ওই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন ও ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব এস. এম. আবদুর রহিমের সাথে নিয়োগ নির্বাচনী বোর্ডের একজন আবেদনকারীর অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেয়া সম্পর্কিত ফোনালাপের অডিও পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে উক্ত নিয়োগ বোর্ড স্থগিত করা হয় এবং অডিওতে আর্থিক লেনদেনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি ৩(সি) ধারা মোতাবেক তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর