হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। এরপর আর ঘুম থেকে ওঠেননি তিনি। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৩ সিজনের বিজয়ী ছিলেন সিদ্বার্থ। এছাড়া ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ।
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে অভিষেক হয়েছিল সিদ্ধার্থের। ২০১৪ সালে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতেও দেখা গেছে তাকে।
‘বালিকা বধু’ সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিগ বস ছাড়াও তিনি আরেকটি রিয়্যালিটি শো ‘খাতরো কি খিলাড়ি’ জিতেছিলেন। ১৯৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি।
বার্তা বাজার/নব