২০ বছর পর তালেবান বিদ্রোহীরা আফগানিস্তান দখলের পর এবার চরম বিপর্যয়ে পড়েছে দেশটি। দেশটির এক তৃতীয়াংশ মানুষ খাদ্য সংকটে রয়েছে। আগামী এক মাসের মধ্যে এ পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
পরিস্থিতি অবনতির দিকে যেতে থাকলে প্রতি তিনজনের একজনকে না খেয়ে দিন পার করতে হতে পারে। তালেবান যখন দেশটির সরকার গঠন করতে যাচ্ছে তার আগে এলো এমন সতর্কবার্তা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
আফগানিস্তানে অবস্থানরত জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী রমিজ আলাকবারোভ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেশটির অর্ধেকের বেশি শিশু জানে না তাদের পরের বেলা খাবার জুটবে কিনা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের দ্রব্যের মূল্য ৫০ শতাংশ বেড়েছে। এছাড়া পেট্রোলের দাম ৭৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।
আলাকবারোভ বলেন, তালেবান আফগানিস্তান ক্ষমতা নেওয়ার পরপরই আন্তর্জাতিক আর্থিক সহায়তা বন্ধ রয়েছে। সরকারি অফিসগুলো বন্ধ রয়েছে। বেতন মিলছে না সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
তিনি আরও বলেন, তালেবান এখনও সরকার গঠন করেনি। এছাড়া তাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াও এখন প্রশ্নবিদ্ধ। এ কারণে বিদেশি সহায়তাগুলো বন্ধ রয়েছে।
বার্তা বাজার/নব