করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে তিনজন মারা গেছেন। বাকি দুইজন করোনা নেগেটিভ হওয়ার পর শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় মারা গেছেন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে রাজশাহীর তিনজন, কুষ্টিয়ার দুইজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ১৪৫ জন।
বার্তা বাজার/নব