ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৬

ব্রাহ্মণবাড়িয়া সদরে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), আলামীন (৩৫), সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), রুবেল মিয়া (১৯), সাইদুল মিয়া (২৭), হৃদয় (২০), সাদিক মিয়া (৭), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া(২৩), রিপন (১৬), রিফাত (১৪), ফারুক (৩০), রাহিমা (১১), নাজমুল (১৩), কারিমা আক্তার (১৪), ইকবাল (২৬), বাবুল (২৫), নাদিয়ার (৯) নাম জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুধবার দুপুরে হাজী মার্কেটে সোহাগ মিয়া খুরশিদকে মারধর করেন। পরে বাজারের সালিশ বৈঠকে তাদেরকে মিলিয়ে দেওয়া হলেও এলাকায় গিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইপক্ষের অন্তত ২৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর