টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগোলো বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে প্রথমবারের মত টি-টোয়েন্টিতে হারিয়েছে টাইগাররা।

ঐতিহাসিক জয়ের পর এবার দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ দল। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং তিন ধাপ এগিয়েছে টাইগাররা। দশ নম্বর পজিশন থেকে সাতে উঠে এসেছে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে ২৩৮ রেটিং নিয়ে সাতে উঠে এসেছে বাংলাদেশ। আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সাত নম্বর পজিশন দখলে নিয়েছে টাইগাররা।

২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের ওপরে আছে শ্রীলঙ্কা (২৩৫) ও আফগানিস্তান (২৩৬)। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে রয়েছে ভারত (২৭৩), পাকিস্তান (২৬১), নিউজিল্যান্ড (২৬০), দক্ষিণ আফ্রিকা (২৪৬), অস্ট্রেলিয়া (২৪০)।

র‍্যাঙ্কিংয়ে পাঁচে উঠার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে হারাতে পারলেই অস্ট্রেলিয়াকে টপকে ছয়ে উঠবে টাইগাররা।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর