শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম রান তাড়ায় নেমে মহাবিপদে পড়ে গেছে উইন্ডিজ। রীতিমতো ধস নেমেছে তাদের ব্যাটিং লাইনআপে। দলীয় ১২ রানেই সুনিল অ্যামব্রিসকে (৫) তুলে নেন লাসিথ মালিঙ্গা। এই বর্ষীয়ান লঙ্কান গতিদানবের দ্বিতীয় শিকার দারুণ ফর্মে থাকা শাই হোপ (৫)। স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে চেষ্টা করেছিলেন ৪৮ বলে ৩৫ করা ক্রিস গেইল। কিন্তু রাজিথার বলে ক্যাচ দিয়ে আজও ব্যর্থ বিশ্বকাপে রান খরায় ভুগতে থাকা ‘ইউনিভার্স বস’। দলীয় ৮৪ রানে ৩৮ বলে ২৯ রান করে শিমরন হেটমায়ার রান-আউট হয়ে গেলে প্রকৃতপক্ষে বিপদে পড়ে যায় উইন্ডিজ। এই মুহূর্তে উইন্ডিজের সংগ্রহ ২৮.৪ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান।
এর আগে চেস্টার লি স্ট্রিটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৩৮ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। দলকে দারুণ সূচনা এনে দেন দিমুথ করুনারত্নে এবং কুসল পেরেরা। ৪৮ বলে ৩২ রান করা করুনারত্নে জেসন হোল্ডারের শিকার হলে ভাঙে ৯৩ রানের উদ্বোধনী জুটি। হাফ সেঞ্চুরিয়ান কুসল পেরেরাও রান-আউট হয়ে ফিরেন ৬৪ রান করে। ৩৯ রান করা কুসল মেন্ডিসকে কট অ্যান্ড বোল্ড করে দেন ফ্যাবিয়ান অ্যালান। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৬) ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারের দ্বিতীয় শিকারে পরিণত হন।
অন্যদিকে রানের চাকা সচল রাখেন তিন নম্বরে নামা অভিস্কা ফার্নান্দো। ৫৭ বলে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় এবং চলতি বিশ্বকাপে নিজের প্রথম হাফ সেঞ্চুরি। এখানেই থেমে থাকেননি ২১ বছর বয়সী এই তরুণ। ক্যারিয়ারের মাত্র ৯ম ওয়ানডেতে ঠিক ১০০ বলে ৮ চার ২ ছক্কায় তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ব্যক্তিগত ১০৪ রানে তাকে আউট করেন কটরেল। শেষদিকে হাত খুলে খেলতে থাকেন লাহিরু থিরিমান্নে। সকলের সম্মিলিত অবদানে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৩৮ রান। থিরিমান্নে ৩৩ বলে ৪৫* রানে অপরাজিত থাকেন।