সাংবাদিক জানলে ব্লক দেন নাহয় ফোন ধরেন না কুবি ভিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক করে রাখা ও ফোন রিসিভ না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় দশজন সাংবাদিকের সাথে কথা বলে বিষয়টি জানা যায়।

এর আগেও ২০১৯ সালে তিনি বিভিন্ন সাংবাদিকদের ব্লক দেয়েছিলেন এমন অভিযোগ উঠেছিল, এখন আবার তিনি ব্লক দেয়া শুরু করেছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী তার দায়িত্বের শেষ সময়টুকু পার করছেন। শেষ মুহূর্তে যাতে কোন ধরনের ঝামেলার সম্মুখীন হতে না হয় সে জন্য সাংবাদিকদের মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন। ভিন্ন ভিন্ন নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করা হলেও পরিচয় পাবার সেসব নাম্বারে আর ফোন ধরেন না তিনি।

এ বিষয়ে দৈনিক সকালের সময় পত্রিকার কুবি প্রতিনিধি ইকবাল বলেন, সংবাদের প্রয়োজনে কর্তৃপক্ষের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে ‘ব্লক কালচার’ তা বিঘ্নিত করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সাংবাদিকদের ফোন না ধরার বিষয়টি সুষ্ঠ সাংবাদিকতা চর্চায় বাধা দেয়ার শামিল। বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত জায়গায় সাংবাদিকদদের অসহযোগিতাপূর্ণ আচরণ কখনো ভালো কিছুর ইঙ্গিত দেয় না।

এ বিষয়ে সময় টিভির কুবি প্রতিনিধি রিদওয়ানুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সংবাদের বক্তব্যের জন্য উপাচার্যের নাম্বারে যোগাযোগ করে উপাচার্য স্যারকে পাইনা। দায়িত্বশীল জায়গা থেকে সাংবাদিকতায় এমন অসহযোগিতাপূর্ণ আচরণ আশা করিনা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাংবাদিকদের ফোন না ধরার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতৃবৃন্দ। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ কিশোর বলেন, উপাচার্য স্যার দায়িত্বশীল জায়গায় থেকে কীভাবে সাংবাদিকদের ব্লক দেন তা আমার বোধগম্য নয়। বিভিন্ন সময়ে বিতর্কিত কাজের দ্বায় এড়াতেই হয়তো তিনি সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক দেন ও ফোন রিসিভ করেন না।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যাদের নাম্বার আমার কাছে সেইভ করা আছে তাদেরটা আমি ধরি। দুনিয়ার মানুষ ফোন করে তদবির করে এতগুলা তো আমার পক্ষে ধরা সম্ভব না।

সাংবাদিকদের নাম্বার ব্লক দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কোন ব্লক আমি করি নাই। দরকার হলে আমাকে একটা ম্যাসেজ করে দিতে বইলো। না হলে আননোন হলে দুনিয়ায় মানুষের ফোন ধরা ত সম্ভব না।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর