‘রহস্যজনক জ্বরে’ ভারতে শিশুসহ ৫০ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠার চেষ্টার মধ্যেই এবার ভারতে ‘রহস্যজনক জ্বরে’ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছেই। এই জ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে এ ঘটনা ঘটছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হাসপাতালে ভর্তির পর দ্রুতই মৃত্যু হচ্ছে তাদের। আক্রান্ত শিশুরা প্রচণ্ড জ্বর ও ঘামে ভিজে যাচ্ছে।

মৃতদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। এই জ্বরে আক্রান্তদের বেশির ভাগেরই গায়ে ব্যথা, মাথাব্যথা, পানিশূন্যতা, রক্তশূন্যতা, বমিভাব ও র‍্যাশ দেখাসহ বেশ কিছু লক্ষণ দেখা গেছে।

এ জ্বরে ৫০ জনের মৃত্যুর পাশাপাশি রাজ্যটির পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় কয়েকশ মানুষে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে কেউ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন না।

দেশটির উত্তরপ্রদেশের আগ্রা, মথুরা, মাইনপুরী, ইটাহ, কাসগঞ্জ এবং ফিরোজাবাদের মতো আক্রান্ত জেলার চিকিৎসকদের ধারণা- মশা বাহিত রোগ ডেঙ্গুই এসব মৃত্যুর কারণ।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, ফিরোজাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি ১৩৫ রোগীর মধ্যে ৭২ শিশুর অবস্থা গুরুতর। তাদের মধ্যে ৫০ শতাংশের ডেঙ্গুর লক্ষণ রয়েছে।

ফিরোজাবাদ জেলার উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিতা কুলশ্রেষ্ঠা বলেন, হাসপাতালে রোগীরা বিশেষ করে শিশুরা খুবই দ্রুত মারা যাচ্ছে। গত সপ্তাহে ৩২ শিশুসহ ৪০ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর