টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশের।

এদিকে দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন তামিম।

মূলত দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে না খেলার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ড সফরে ডাক পেলেও পারিবারিক কারণে খেলেননি তামিম। আর জিম্বাবুয়ে সফরে ইনজুরির কারণে খেলা হয়নি তার। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেও খেলা হয়নি তামিমের।

ভিডিওবার্তায় তামিম বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ছোট একটা ঘোষণা ছিল। আমি একটু আগেই বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) ও প্রধান নির্বাচকের (মিনহাজুল আবেদীন নান্নু) সঙ্গে কথা বলেছি। যেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার মনে হয় না আমার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা উচিত। তাই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।

তামিম বলেন, আমি দুই-একটা বিষয় ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। আমার মতে গেম টাইম অনেক বড় বিষয়। আমি অনেকদিন ধরেই এই ফরম্যাটে খেলছি না। দ্বিতীয়টা হলো ইনজুরি। তবে ইনজুরিটা বড় বিষয় নয়। আশা করি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, আমাকে সবচেয়ে বেশি যে বিষয়টা ভাবাচ্ছে সেটা হলো আমি সর্বশেষ ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলিনি। আমার জায়গায় যারা খেলেছিল আমার মনে হয় এটা তাদের প্রতি অবিচার হবে যদি আমি হুট করে তাদের জায়গা নিয়ে নেই।

দেশসেরা এই ওপেনার বলেন, হয়তো আমি বিশ্বকাপ দলে থাকতাম। কিন্তু আমার মনে হয় না এটা ন্যায়বিচার হতো। এই সিরিজ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনা জানাই।  আমাকে বিশ্বকাপে দেখবেন না আপনারা। তবে আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। বিশ্বকাপে আমার খেলা হবে। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমি মনে করি দলে যারা তরুণ ওপেনার আছে তাদের সুযোগ পাওয়া উচিত। কারণ তারা সর্বশেষ ১৫-১৬ ম্যাচ খেলেছে। তাদের প্রস্তুতিও ভালো। আমি মনে করি তারা দলকে ভালো কিছু উপহার দিতে পারবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর