মহামারি করোনা মোকাবিলায় কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের উপহারের আরো ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আজ বুধবার দেশে আসছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকাগুলো নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
এর আগে সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ফাইজারের এই ১০ লাখ ডোজ টিকার চালানটি আসার কথা ছিল। কিন্তু পরবর্তীতে জানানো হয়, টিকা আসার সময়ে পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে টিকাগুলো বুধবার (১ সেপ্টেম্বর) আসবে।
গত সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসবে। এরই অংশ হিসেবে আজ ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে।
এর আগে গত ৩১ মে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান দেশে আসে।
বার্তা বাজার/নব