নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বুধবার (১ সেপ্টেম্বর) মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
অস্ট্রেলিয়ার মত নিউজিল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাংলাদেশ সফরে আসেনি। দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। তবে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানো আত্মবিশ্বাস এই সিরিজে কাজে লাগাবে টাইগাররা।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে এটা নিশ্চিত। কেননা এই সিরিজে ফিরেছেন টাইগারদের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহিম।
মুশফিক-লিটন ফেরায় একাদশ থেকে ছিটকে যেতে পারেন সৌম্য সরকার ও শামীম হোসেন পাটোয়ারী। ওপেনিংয়ে দেখা যাবে লিটন ও নাঈম শেখকে। তিনে থাকবেন সাকিব আল হাসান। আর চারে খেলবেন মুশফিক।
এরপর যথারীতি দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যাবে শরিফুল ইসলামকে। আর স্পিন বিভাগ সামলাবেন নাসুম আহমেদ, মেহেদী হাসান ও সাকিব আল হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: হেনরি নিকোলস, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), টম ব্লান্ডেল, কোল ম্যাকঞ্চি, কলিন ডি গ্রান্ডহোম, ডগ ব্রেসওয়েল, স্কট কাগলজিন, হামিশ বেনেট, এজাজ প্যাটেল।
বার্তা বাজার/নব