মুক্ত হয়ে কারাফটকে ভক্তদের সঙ্গে পরীমনির সেলফি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। মুক্ত হয়ে কারাফটকে ভক্তদের সঙ্গে সেলফি ও হাত নেড়ে শুভেচ্ছা জানান পরীমনি।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হয়। এ সময় তাকে সাদা রঙের একটি গাড়িতে করে বের হতে দেখা যায়। কারাগার থেকে বের হওয়ার সময় সাদা পোশাকে ছিলেন পরীমনি। তার মাথায় ছিল একটি সাদা পাগড়িও।

পরীমনির মুক্তির খবরে কারাফটকে ভিড় জমান ভক্তরা। কারামুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় ভক্তদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় পরীমনিকে। এরপর সবার উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে শুভেচ্ছা জানান তিনি।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

পরে ৫ আগস্ট পরীমনিকে চারদিন, ১০ আগস্ট দুই দিনের রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানো হয়। পরে ১৯ আগস্ট পরীমনিকে আরও একদিনের রিমান্ডে নেয় সিআইডি। রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর