মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি জামিন পেয়েছেন গতকাল। কিন্তু জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে আসতে দেরি হওয়ায় কারামুক্ত হতে পারেননি তিনি।
অবশেষে আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হয়। এ সময় পরীমনির স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র্যাব। এ ঘটনায় পরের দিন র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।
পরে ৫ আগস্ট পরীমনিকে চারদিন, ১০ আগস্ট দুই দিনের রিমান্ড শেষে পরীমনিকে কারাগারে পাঠানো হয়। পরে ১৯ আগস্ট পরীমনিকে আরও একদিনের রিমান্ডে নেয় সিআইডি। রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বার্তা বাজার/নব