হবিগঞ্জে জামায়াত নেতা নজরুল ইসলাম ও তার লোকজনের হাতে খুন হয়েছেন ইউনিয়ন যুবলীগ কর্মী কামাল হোসেন (৩৮)। জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে দুইপক্ষের সংঘর্ষের সময় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
নিহত যুবলীগ কর্মী কামাল ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তার লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আহতদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে মামুন মিয়াকে (৪০)। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিপক্ষের আহতদের গ্রেফতার এড়াতে প্রাইভেটভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের তার চাচাতো ভাই মৃত আব্দুল হাসিমের ছেলে বদরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষে মামলাও রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নজরুল ইসলাম তার দলবল নিয়ে বিরোধীয় জমিতে চারা রোপণ করতে গেলে বদরুল মিয়া গংরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত বদরুল মিয়ার চাচাতো ভাই কামাল হোসেনকে (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত মামুন মিয়াকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত যুবলীগ নেতা সাইফুল ইসলাম (২৮), মোস্তাকিম মিয়া (২৯) ও বদরুল মিয়াকে (২৪) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নজরুল মিয়ার পক্ষের লোকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ সাংবাদিকদের বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জড়িতদের গ্রেফতারের বিষয়ে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
বার্তা বাজারি/এসবি