পরীমনির জামিন হলেও আজ মুক্তি মিলছে না

ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন জজ আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।

বনানী থানার মাদক মামলায় পরীমণিকে জামিন দেওয়া হয়।

আদালত থেকে জামিন পেলেও মঙ্গলবার (৩১ আগস্ট) কারাগার থেকে মুক্তি মিলছে না চিত্রনায়িকা পরীমনির। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ সন্ধ্যা ৭টায় দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমকে বলেন, ‘সন্ধ্যা ৬টা পর্যন্ত নায়িকা পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়নি। তাই আজ (মঙ্গলবার) জামিন হলেও কারাগার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। তবে কারাগারে তাঁর জামিনের কাগজপত্র পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তি দেওয়া হবে।’

পরীমনির আইনজীবী মুজিবুর রহমান জানান, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত ২২ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান আদালতে এই জামিন আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তবে শুনানির দিন ধার্য করে দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে পরীমণির জামিন আবেদনের ওপর অবিলম্বে অথবা আদেশের কপি পাওয়ার দুই দিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে গত ২২ আগস্ট দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা-ও জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই দিনই রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছিল।

বার্তা বাজারি/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর