জবিতে অনলাইন পরিক্ষার নীতিমালা চূড়ান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে ক্যাম্পাস খোলা সম্ভব হলে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৫৫ তম একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বার্তা বাজারকে বলেন, “অনলাইন পরীক্ষার নীতিমালা সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেটে তা পাশ হবে। আমরা অফলাইন, অনলাইন দুইভাবেই পরীক্ষা নেওয়ার পক্ষে। অক্টোবরের মাঝামাঝি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একটা হিন্টস দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হলে আমরা অফলাইনেই পরীক্ষা নেবো। অফলাইনে নেওয়া না গেলে আমরা নীতিমালা চূড়ান্ত করেছি সেই অনুসারে অনলাইনে পরীক্ষা হবে এবং যেভাবেই পরীক্ষা হোক তার চার সপ্তাহ আগে শিক্ষার্থীদের জানানো হবে।”

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বার্তাবাজরকে বলেন, “অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত হয়েছে। সিন্ডিকেটে পাশ হবে। সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব না হলে নীতিমালা অনুসরণ করে অনলাইনেই পরীক্ষা গ্রহণ করা হবে।”

আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বার্তাবাজরকে বলেন, “অনলাইন পরীক্ষার নীতিমালায় অনেকগুলো বিষয়ই আছে। কিভাবে পরীক্ষা গ্রহণ করা হবে, শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কিভাবে পরীক্ষার খাতা জমা দিবে, কিভাবে খাতা মূল্যায়ন করা হবে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেমন, আমাদের মিটিং করতে করতে ও তো ইন্টারনেট চলে যায়, কারেন্ট চলে যায়, তখন আমরাও ডিসকানেক্ট হয়ে যাই। পরীক্ষার সময় যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে দিতে ডিসকানেক্টেড হয়ে যায় তাহলে পাঁচ মিনিটের ভিতরে দায়িত্বরত শিক্ষককে জানাতে হবে। তখন তাদেরকে আমরা আবার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবো। এবিষয়টিও অনলাইন পরীক্ষার নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বার্তাবাজরকে বলেন, “অনলাইন পরীক্ষার নীতিমালাটি একাডেমিক কাউন্সিলে অনুমোদন পেয়েছে। এরপর এটি আগামী সোমবার সিন্ডিকেট সভায় অনুমোদন দেয়া হবে। অনলাইনে পরীক্ষা ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা হবে, পরবর্তীতে তা কনভার্ট করে দেয়া হবে।

তিনি আরো বলেন, “আমরা সরকারের বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত দেখে পরীক্ষা পদ্ধতির সিদ্ধান্ত নিবো। সরকারি সিদ্ধান্ত ছাড়া আমরা খুলতে পারবো না। নীতিমালা সিন্ডিকেটে পাশ হলে আমরা দেখবো সরাসরি নেয়া যায় কি না। সরাসরি নেয়া গেলে আমরা সরাসরিই পরীক্ষা নিবো। আর বিশ্ববিদ্যালয় না খোলা গেলে অনলাইনে পরীক্ষা নিবো। তা অবশ্যই চার সপ্তাহ আগে নোটিশ দিয়ে।”

মোঃসুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর