গোমস্তাপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (৩১আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি,গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সংগঠনের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম,ভুক্তভোগী অবঃ শিক্ষক আব্দুল লতিফ, আব্দুল মতিন,শিক্ষক নেতা আব্দুল বাক্কার, আব্দুল কাদের ও অহাব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, গোমস্তাপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর পরবর্তী সরকারি অর্থ উত্তোলনে নানা অযুহাত দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে।
কেউ উৎকোচ দিলে তার কাজ সহজেই হয়ে যায়। আর যারা দিতে পারে না তাদের দিনের পর দিন হয়রানি করা হয় বলেও জানান মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকবৃন্দ।
এছাড়াও এই অসাধু কর্মকর্তার হয়রানির শিকার হয়ে এক শিক্ষক পেনশন উত্তোলন না করেই মৃত্যুবরন করেন। অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এই অসাধু কর্মকর্তাকে কর্মস্থল থেকে সরিয়ে নেওয়ার জোর দাবী জানান ভুক্তভোগী শিক্ষকরা।
মানববন্ধন শেষে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি,গোমস্তাপুর উপজেলা শাখার শিক্ষক নেতারা।
আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/টি