‘জিয়ার কবর দেখলে আওয়ামী লীগ নেতারা ভয় পায়’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেখলে আওয়ামী লীগ নেতারা ভয় পেত, আর এখন তার কবর দেখলে তারা ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, জিয়াউর রহমানের কবর দেখলে আওয়ামী লীগ নেতাদের শরীর ভয়ে ছমছম করে।

মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছে এটা নিয়ে আওয়ামী লীগ প্রশ্ন তুলেছে। জিয়াউর রহমান কোথায় যুদ্ধ করেছেন সেটা যুদ্ধের ইতিহাস ঘেঁটে দেখেন। আপনারা কোথায় যুদ্ধ করেছেন? আমরা এ প্রশ্নের উত্তর চাই।

আব্দুস সালাম বলেন, যদি জিয়াউর রহমানের যুদ্ধের ইতিহাস জানতে চান তাহলে রৌমারী, কামালপুর, সিলেট, চট্টগ্রামে যান।

তিনি আরও বলেন, আমরা দেশের কোনো বিশৃঙ্খলা চাই না। গণতান্ত্রিক পন্থায় দেশের সরকার পরিবর্তন চাই আমরা। জনগণের ভোটে দেশের সরকার পরিবর্তন হবে। এজন্য আগামীতে একটি নির্বাচন হবে। তবে সেটি শেখ হাসিনার অধীনে নয়, সরকারের অধীনে হতে হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর