কৃষককে পিটিয়ে হত্যা: হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
ফরিদপুরের আলফাডাঙ্গায় গোবিন্দ বিশ্বাস (৪০) নামে এক কৃষককে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সদর বাজারের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করেন নিহতের পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।
এসময় বক্তব্য দেন, টগরবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, টগরবন্দ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলমগীর সরদার আলম, নিহতের পরিবারের সদস্য তন্ময় বিশ্বাস ও পঙ্কজ বিশ্বাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘মাথায় লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়। পরে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
প্রসঙ্গত, গত বুধবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঘিদাহ্ গ্রামে ক্ষেতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ নিখিল মন্ডলের লোকজনের লাঠির আঘাতে গুরুতর আহত হয় গোবিন্দ বিশ্বাস। পরে শনিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়। এ ঘটনায় রবিবার (২২ আগস্ট) নিহত কৃষকের ভাই বিধান বিশ্বাস ১৩ জনকে আসামী করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১৩।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি