অবশেষে জামিন পেলেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন জজ আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।

বনানী থানার মাদক মামলায় পরীমণিকে জামিন দেওয়া হয়।

এর আগে গত ২২ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান আদালতে এই জামিন আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তবে শুনানির দিন ধার্য করে দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে পরীমণির জামিন আবেদনের ওপর অবিলম্বে অথবা আদেশের কপি পাওয়ার দুই দিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে গত ২২ আগস্ট দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা-ও জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই দিনই রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছিল।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর