খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পরিবেশ অধিদপ্তর!

অর্ধেকের ও কম জনবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেনী পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম। যেখানে ১২ জন কর্মকর্তা দায়িত্ব পালন করা কথা। সেখানে মাত্র চার জন দিয়ে চলছে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম।

এর ফলে ব্যহত হচ্ছে কাঙ্ক্ষিত সেবা। এছাড়া পুরো জেলাকে মনিটরিং করাও সম্ভব হচ্ছে না বলে জানা যায়।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলা পর্যায়ের অধিদপ্তরের অনুমোদিত পদের সংখ্যা ১২ টি, এর বিপরীতে ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন কর্মকর্তা।

শহরের সার্কিট হাউজ সড়কে আবাসিক ভবনের একটি ইউনিটকে ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালনা করা অধিদপ্তরটির নেই নিজস্ব কার্যালয় কিংবা পরিবহন ব্যবস্থা।

এছাড়া ল্যাব না থাকার কারণে বিভিন্ন সময় সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে কিংবা শিল্প কলকারখানার পরিবেশ ছাড়পত্র দিতে বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে চট্টগ্রামে।

এদিকে নিজস্ব পরিবহন না থাকায় জেলার বিভিন্ন স্থানে পরিদর্শনে কিংবা দাফতরিক কাজে কর্মকর্তাদের ব্যবহার করতে হয় ভাড়া বাহন। এতে করে অনেক ক্ষেত্রে সময় নষ্ট, অধিক অর্থ ব্যয়সহ নানা জটিলতা দেখা দিচ্ছে।

ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইদুর রহমান বলেন, কার্যালয়ে লোকবল সংকটের কারণে বিভিন্ন সময়ে কাজ ব্যহত হচ্ছে। সেই সাথে আমাদের পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা দায়েরসহ নানা কাজে বিঘ্নতা ঘটে।

যদি দ্রুত পরিবেশ অধিদপ্তরের লোকবল সমস্যার সমাধান না করা হয় তাহলে সীমিত জনবল দিয়ে কাজ করতে সমস্যা হবে এবং বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে সরকার। আমরা দ্রুত সময়ের মধ্যে বিভাগীয় অধিদপ্তরে জনবল চেয়ে চিঠি পাঠাবো। পর্যাপ্ত জনবল পেলে আরও সুন্দর পরিসরে এ অঞ্চলের পরিবেশ রক্ষার কাজ করতে পারবো বলে আমরা আশাবাদী।

কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর