পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই: সেতুমন্ত্রী

পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা ছোট করে দেখার সুযোগ নেই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার খবরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, আমাদের প্রকৌশলী টিম পদ্মা সেতুর স্প্যানে আঘাতের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তবুও এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। প্রতিবেদন পেলে আসল বিষয়টা জানা যাবে।

ভবিষ্যতে পদ্মা সেতুতে এ ধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ধাক্কা লাগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে।

বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরিটি। এসময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ওই ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে।

এর আগে পদ্মা সেতুর পিলারে চারবার আঘাত করে ফেরি। এর মধ্যে গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর