১২ কেজি এলপিজির দাম বেড়ে ১০৩৩ টাকা

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বর্তমানে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯৯৩ টাকায় বিক্রি হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে বিইআরসির নির্দেশনা অনুযায়ী এই সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৩৩ টাকা।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল।

তিনি বলেন, আগস্ট মাসের সৌদি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশেও দাম বাড়ছে। আমদানিমূল্য কমলে দেশেও কমবে।

উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা। আগে এটি ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে। আগস্ট মাসে প্রতিকেজি এলপিজির দাম ৮ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১০২ টাকা বাড়ানো হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর