পাকিস্তানিদের বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই: প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমানের গুলি চালানোর কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩১ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের শোক দিবসের আলোচনা সভায় যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার করা হয়েছিল। কিন্তু তিনি কখনো পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছে, এমন নজির নাই। কেউ দেখাতেও পারবে না। ফলে তিনি যুদ্ধ করেননি।
শেখ হাসিনা বলেন, ৭৫-এর খুনি ও অপশক্তির উৎস ছিলেন জিয়াউর রহমান। তিনি ৭৫ এর খুনিদের সাথে সবসময় ছিলেন। অবৈধভাবে ক্যু করে ক্ষমতা দখল করেন।
সরকারপ্রধান বলেন, জিয়াউর রহমানের শাসনামলে দেশে শিক্ষার কোনো পরিবেশ ছিলো না। তিনি মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র, মাদক ও অর্থ তুলে দিয়ে বিপথে নিয়ে গেছেন। তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে। পড়াশোনার পাশাপাশি দেশ ও জনগণের কাজে ছাত্রলীগকে মনোনিবেশ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
বার্তা বাজার/নব