রাজধানীর সেগুনবাগিচায় নাভানা সিএনজি পাম্পের পাশে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত দুই ব্যক্তির নাম সিয়াম ও রাকিব। তারা ওই পাম্পের কর্মচারী। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহবাগ থানার এসআই গোলাপ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নাভানা সিএনজি পাম্পে গাড়ির ভেতরে দুই কর্মচারীর মরদেহ পাওয়া গেছে। গাড়িটি কাপড় দিয়ে ঢাকা ছিল। ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তা বাজার/নব