পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে ফেরি ধাক্কা লাগার ঘটনা পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
এর আগে সকাল ৭টার দিকে পদ্মা সেতুর স্প্যানে আঘাত হানে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এতে ফেরির মাস্তুল ভেঙে যায়।
বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এসময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ওই ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে।
এর আগে পদ্মা সেতুর পিলারে চারবার আঘাত করে ফেরি। এর মধ্যে গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরি। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বার্তা বাজার/নব