মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তিন দফা রিমান্ড শেষে কারাগারে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আজ পরীমনির জামিন বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী মজিবুর রহমান। আদালত শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এরপর পরীমনির আইনজীবী জামিন শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে গত ২৯ আগস্ট বিচারক পরীমনির জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র্যাব। এ ঘটনায় পরের দিন র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।
গত ৫ আগস্ট পরীমনিকে চারদিন, ১০ আগস্ট দুই দিন ও ১৯ আগস্ট একদিনের রিমান্ডে নেয় সিআইডি। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বার্তা বাজার/নব