বাংলাদেশকে আর কেউ পাকিস্তান-আফগানিস্তান বানাতে পারবে না: প্রতিমন্ত্রী মুরাদ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা.মুরাদ হাসান এমপি বলেছেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই বাংলাদেশ নিরাপদে আছে, সতের কোটি মানুষ নিরাপদে আছে। শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না।’
সোমবার (৩০ আগস্ট) সকালে জামালপুর শহরের বকুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
বর্ধিত সভায় সেপ্টেম্বরের শুরু থেকে জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরীর পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/এসবি